গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
পরিচ্ছন্ন মহানগর গড়ার লক্ষ্যে দায়িত্ব গ্রহণের পর গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অভিযান শুরু করেছেন। আজ সোমবার (৩০ মার্চ) সকালে গাজীপুর শহরের রেললাইনের দুই পাশে গড়ে ওঠা অবৈধ ফল মার্কেট উচ্ছেদের মধ্য দিয়ে এই সাঁড়াশি অভিযানের সূচনা হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর রেলক্রসিং থেকে শুরু করে ঢাকা-গাজীপুর সড়কের ভোগড়া চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা সকল ধরনের অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করা হয়েছে। এর আগে একাধিকবার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও প্রভাবশালী চাঁদাবাজ চক্রের কারণে তা স্থায়ী রূপ পায়নি। তবে এবার প্রভাবশালী মহলের বাধা উপেক্ষা করে স্থায়ীভাবে শহরকে দখলমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সিটি প্রশাসক।
প্রশাসক শওকত হোসেন সরকার জানান, বর্তমান প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি গ্রিন সিটি’ কর্মসূচির আওতায় এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারি জায়গা দখল করে যারা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বৈধ উপায়ে ব্যবসা করার জন্য পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। তবে কোনোভাবেই সড়ক বা ফুটপাত দখল করে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া হবে না।

নাসির আহমেদ, গাজীপুর