প্রথমবারের মতো সংসদে প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী
প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদে প্রথমবারের মতো তার প্রশ্নোত্তরের জন্য ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে। সে অনুযায়ী সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব নির্দিষ্ট দিনে আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়। আজ সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে একজন সংসদ সদস্য এ প্রস্তাব উত্থাপন করেন।
সপ্তাহের একটি নির্দিষ্ট দিন বিশেষ করে বুধবার প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে প্রস্তাবে উল্লেখ করেছেন ওই সংসদ সদস্য।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে প্রশ্নটি রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।
এদিকে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদে আজকের দিনের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রশ্নের উত্তর দিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক