এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় পিষ্ট হয়ে ইসমাইল খনি (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ২টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইসমাইল খনি শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের খাড়াকান্দি (৩ নং ওয়ার্ড) এলাকার মনোয়ার উদ্দিন খনির ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গভীর রাতে পাঁচ্চর গোলচত্বর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর