৯ এপ্রিল যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
আসন্ন উপনির্বাচন উপলক্ষে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনি এলাকায় আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গত ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার প্রেক্ষিতে এবং ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের’ (রুলস অব বিজনেস ১৯৯৬) ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) ও ১৪৫ (শেরপুর-৩) শূন্য আসনে ভোটগ্রহণের দিন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচনি কর্মকর্তাদের দায়িত্ব পালনের সুবিধার্থে এই ছুটি কার্যকর থাকবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬-উভয় আসনেই বিজয়ী হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে দিয়ে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
অন্যদিকে, সাধারণ নির্বাচনের আগেই শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর আকস্মিক মৃত্যুতে ১২ ফেব্রুয়ারি ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। নির্বাচন কমিশনের পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে।

এনটিভি অনলাইন ডেস্ক