পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার জ্বালানি তেল অবৈধভাবে সরিয়ে ফেলার অভিযোগে পাম্প মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে গৌরীপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে পাম্পের মালিক ও গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক এবং পাম্প ম্যানেজার মো. জলিল হোসেন রিফাতকে। এর আগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ম্যানেজার রিফাতকে গ্রেপ্তার করা হলেও মালিক আজিজুল হক পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মুনিরের নেতৃত্বে কলতাপাড়া এলাকায় ‘মেসার্স সোয়াদ ফিলিং স্টেশনে’ অভিযান চালানো হয়। পরিদর্শনকালে ভৈরব বাজার ডিপো থেকে আনা চালান ও নথিপত্র যাচাই করে দেখা যায়, চলতি মাসের ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ওই পাম্পে ৫৮ হাজার ৫০০ লিটার জ্বালানি আনা হয়েছিল।
মজুত ও বিক্রির হিসাব চাইলে ম্যানেজার মাত্র ৯ হাজার লিটার তেলের তথ্য দিতে পারেন। বাকি প্রায় ৪৯ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলের কোনো বৈধ হিসাব তিনি দেখাতে পারেননি। প্রাথমিক তদন্তে দেখা যায়, বিপুল পরিমাণ এই জ্বালানি তেল অবৈধভাবে মজুত বা কালোবাজারির মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান আজ বুধবার (৮ এপ্রিল) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে তেল মজুত ও কালোবাজারির প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ