মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ -এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। আজ বুধবার (৮ এপ্রিল) সকালে মেহেরপুর সদর উপজেলা চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি নানা উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করে। খুদে বিজ্ঞানীদের সৃজনশীল চিন্তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্পগুলো মেলায় আসা দর্শনার্থীদের বিশেষভাবে নজর কেড়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি করা, তথ্য-প্রযুক্তির সঠিক ব্যবহারের প্রতি আগ্রহ বাড়ানো এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করাই এই মেলার মূল লক্ষ্য। দুই দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর