আহমেদীয়া ফাইন্যান্সের পরিচালক ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির আহম্মেদ ও তার স্ত্রী সখিনা আহমেদের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এদিন আদালত সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, মনির আহম্মেদ আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর নামে অধিক মুনাফা দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করেছেন। এ প্রতিশ্রুতিতে তিনি সমিতির সদস্য এবং এক হাজার থেকে ১১০০ নিরীহ লোকের কাছ থেকে সর্বমোট ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেন। এসব অর্থ দিয়ে ফ্ল্যাট, জমি কিনে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়ার বিষয়ে তথ্য পাওয়া যায়। আসামিদের নামে উল্লেখিত ৬টি ব্যাংক হিসাব অবরূদ্ধ থাকা একান্ত প্রয়োজন।

আদালত প্রতিবেদক