৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (৮ এপ্রিল) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখি ঝড় বয়ে যেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময় কালবৈশাখি ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক