ঢাবির বহিষ্কৃত ছাত্রদল নেতা দুই দিনের রিমান্ডে
ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য (বহিষ্কৃত) মাহি চৌধুরী অর্ণবকে (২১) দুই দিন রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন আসামিকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিতে আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, ২০২৩ সালের ১ জুন থেকে শুরু করে বিভিন্ন সময়ে ফেসবুকের একটি ‘ইনভেস্টর গ্রুপ’ এর সূত্র ধরে মাহির সঙ্গে বাদীর বড় ভাই মো. শাকিরুল ইসলাম হিমেলের পরিচয় হয়। মাহি নিজেকে একটি ক্যাটারিং ও এক্সেসরিজ ব্যবসার অংশীদার দাবি করে হিমেলকে বিনিয়োগে উৎসাহিত করেন। তার কথায় বিশ্বাস করে হিমেল বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট ও নগদে মোট ৩৮ লাখ ২৮ হাজার ১৫০ টাকা প্রদান করেন। কিন্তু লভ্যাংশ বা মূল টাকা ফেরত না দিয়ে মাহি আত্মগোপন করেন। গত ৪ এপ্রিল ভুক্তভোগীরা টাকা ফেরত চাইতে গেলে আসামিরা তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়।
এই ঘটনায় বাদী মো. সামসুল হক তুষার (২৬) গত ৫ এপ্রিল কাফরুল থানায় মামলাটি করেন।

আদালত প্রতিবেদক