স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা
‘নওগাঁর লেখক, নওগাঁর বই’ প্রতিপাদ্যে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে আজ শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কগেটে বইমেলার উদ্বোধন করেন বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নওশাদ হাসান, বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, আবৃত্তি পরিষদের সভাপতি বাচিক শিল্পী কায়েস উদ্দীন, কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ, সাংস্কৃতিক ঐকের সভাপতি কথাসাহিত্যিক মনোয়ার লিটন, জহির রায়হান চলচিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান, করি অধ্যক্ষ আরিফুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন গল্পকার হারিব রতন, কবি রোকেয়া শাকিলা, রবিউল মাহমুদ, রিমন মোরশেদ, আসলাম হোসেন, গুলজার রহমান, সোহাগ হোসেন প্রমুখ।
মেলার আয়োজকরা জানান, বইমেলায় জেলার ৭০ লেখকের অন্তত ২০০টি বই স্থান পেয়েছে। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুদের বই রয়েছে। এসব বইয়ের মূল্য ১০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে।
নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন বলেন, বইমেলার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্ম ও নওগাঁবাসীর কাছে জেলার লেখকদের তুলেধরা এবং পরিচিতি বাড়ানো। সেই সঙ্গে তরুণ প্রজন্ম মোবাইল ফোন ও সামাজিক বিভিন্ন মাধ্যমে যেভাবে আসক্ত হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে এসে লেখালেখি ও শিল্প সাহিত্যের প্রতি উদ্বুদ্ধ করণই এ মেলার মূল লক্ষ্য।
সভাপতি ড. আইয়ুব আলী বলেন, বাংলা সাহিত্যের সূত্রপাত হয়েছিল নওগাঁর সোমপুর বিহার হতে চর্যাপদের মাধ্যমে। তা নওগাঁর মানুষ অনেকেরই অজানা। বর্তমান সময়েও এ জেলার অনেক লেখক আছে যাদের বই বিশ্ববিদ্যালয়ে সহায়ক বই হিসেবে পড়ানো হয়। এ জেলায় শতাধিক কবি-সাহিত্যক প্রাবন্ধিক ও গবেষক রয়েছেন। আমাদের উদ্দেশ্য তাদের দেশব্যাপী পরিচিত করা।
বইমেলা জেলার ১১ উপজেলার লেখকদের আগমনে এক মিলনমেলায় পরিণত হয়। মেলা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আসাদুর রহমান জয়, নওগাঁ