আজ থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা
জাতীয়ভাবে চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ও বাংলা একাডেমি যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আজ বেলা সাড়ে ১১টায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করবেন। বাংলা একাডেমির মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আযম বলেন, ‘বৈশাখী মেলা মূলত সর্বজনীন লোকজ মেলা। নববর্ষকে উৎসবমুখর করতে প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। মেলায় বই পড়ায় উদ্বুদ্ধ করতে বাংলা একাডেমি তাদের বইয়ে রেকর্ড ৭০ শতাংশ কমিশন দেবে।’
বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, এবারের মেলায় মোট ১৬০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বস্ত্র ৪৪টি, জামদানি ছয়টি, নকশিকাঁথা চারটি, শতরঞ্জি পাঁচটি এবং চামড়াজাত পণ্যের সাতটি স্টল রয়েছে। এ ছাড়া প্রান্তিক কারুশিল্পীদের জন্য ১৩টি ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর জন্য ২টি স্টল বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় শিশুদের জন্য রাইড, পুতুল নাচ, বায়োস্কোপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ ব্যবস্থা রয়েছে।
মেলায় কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, পাট ও চামড়াজাত সামগ্রী, জিআই পণ্য এবং হস্ত ও মৃৎশিল্পজাত বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। বিসিক প্রতিষ্ঠাকাল থেকেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে এ ধরনের মেলার আয়োজন করে আসছে।

নিজস্ব প্রতিবেদক