দ্বিভাষিক ম্যাগাজিন ‘ঢাকা হেরাল্ড’-এর আত্মপ্রকাশ
রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় দ্বিভাষিক মাসিক ম্যাগাজিন ‘ঢাকা হেরাল্ড’-এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি ব্যাংকিং আর্থিক অপরাধ বিশেষজ্ঞ, কলামিস্ট ও কবি সহিদুল আলম স্বপন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক-গবেষক ও চিন্তক ড. কাজল রশীদ শাহীন, বাংলা একাডেমির উপপরিচালক গবেষক ড. মোজাম্মেল হক, জ্যেষ্ঠ সাংবাদিক-কলামিস্ট শুভ কিবরিয়া, সাংবাদিক হোসেন শহীদ মজনু, বিজ্ঞান লেখক-সাংবাদিক জাহাঙ্গীর সুর ও ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।
এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল ইসলাম, ইমরান ইমন, ‘দ্য এশিয়ান এজ’-এর মাহফুজ উল হাসিব চৌধুরী, আদনান হাদী, হাসান আল বান্না, আবু জাফর, আনিস খান প্রমুখ।
‘ঢাকা হেরাল্ড’-এর মতো একটি বৈচিত্র্যময় ম্যাগাজিন প্রকাশ করার জন্য এর সম্পাদকীয় দল ও উদ্যোক্তাদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। তারা আশা প্রকাশ করেন যে, এই মাসিক ম্যাগাজিনটি বাংলাদেশ তথা বহির্বিশ্বে সৃজনশীল লেখালেখি ও উন্নত চিন্তার বিস্তারে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা হেরাল্ড-এর প্রথম সংখ্যাতেই যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশি সৃজনশীল একদল মানুষ যুক্ত হয়েছেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ম্যাগাজিনটিকে বর্ণাঢ্য করেছে।
অনুষ্ঠানে অতিথিরা অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যেন তারা তরুণ প্রজন্মকে বই পড়া এবং প্রবন্ধ, গল্প, কবিতা ও ফিচার লেখায় উৎসাহিত করেন। ঢাকা হেরাল্ডও যেন এ ক্ষেত্রে ভূমিকা রাখে।
‘ঢাকা হেরাল্ড’-এর উদ্বোধনী সংখ্যাটিতে ভূরাজনৈতিক সংকট, অভ্যন্তরীণ বিষয়াবলী, স্থাপত্য নিদর্শন, ভ্রমণ কাহিনী ও সাহিত্য বিষয়ক বাংলা ও ইংরেজি উভয় ভাষার লেখা স্থান পেয়েছে। আমন্ত্রিত অতিথিরা ম্যাগাজিনটির বিষয়বৈচিত্র্য ও বিন্যাসকে আকর্ষণীয় উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক