ভূমি গ্যালারিতে তিন প্রজন্মের শিল্পীদের যৌথ চিত্রপ্রদর্শনী ‘ধারাবাহিকতা’ শুরু
রাজধানী ঢাকার লালমাটিয়ার ভূমি গ্যালারিতে শুরু হয়েছে তিন প্রজন্মের তিন শিল্পীর অংশগ্রহণে একটি ব্যতিক্রমী যৌথ
চিত্রপ্রদর্শনী ‘কন্টিনিউম -ধারাবাহিকতা ’। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রদর্শনীটিতে অংশ নিয়েছেন সমকালীন নাট্য নির্মাতা ও চিত্রশিল্পী মোহাম্মদ নাজমুল হক বাপ্পি, কারু তিতাস এবং সিদ্ধার্থ তালুকদার। ভিন্ন প্রজন্মের এই তিন শিল্পীর নিজস্ব শৈলী, জীবনদর্শন এবং বিভিন্ন সময়ে সৃষ্ট শিল্পকর্মের এক অপূর্ব সমন্বয় ঘটেছে এই আয়োজনে।
কন্টিনিউম শব্দের অর্থ ধারাবাহিকতা। সময়ের প্রবাহে শিল্পের রূপান্তর, বিকাশ এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সৃজনশীল ভাবনার সংযোগকে থিম হিসেবে ধরেই এই নামকরণ করা হয়েছে। প্রদর্শনীতে শিল্পীদের বিভিন্ন সময়ের নির্বাচিত কাজ স্থান পাওয়ায় দর্শনার্থীরা শিল্পচর্চার ভিন্ন সময়, অভিজ্ঞতা ও নান্দনিক অনুসন্ধানের বৈচিত্র্য উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
খ্যাতিমান চিত্রশিল্পী মোহাম্মদ নাজমুল হক বাপ্পি দীর্ঘদিন ধরে দেশ ও বিদেশে সফলভাবে শিল্পচর্চা করে আসছেন। তাঁর শিল্পকর্মে প্রকৃতি, আলো-ছায়া, স্মৃতি ও মানবিক অনুভূতি প্রধান অনুষঙ্গ হিসেবে ফুটে ওঠে। বাংলাদেশ ছাড়াও লন্ডন, ইতালি ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। বর্ণাঢ্য এই শিল্পযাত্রায় তিনি এ পর্যন্ত ১১টি একক প্রদর্শনী এবং বহু দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
তিন প্রজন্মের শিল্পীদের ভিন্ন ভিন্ন শিল্পভাষা এবং সময়ের বিবর্তনকে একই ছাদের নিচে দেখার এক দারুণ সুযোগ তৈরি করেছে ‘কন্টিনিউম -ধারাবাহিকতা ’ প্রদর্শনীটি।
আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন শিল্পপ্রেমী ও দর্শনার্থীদের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। ওই দিনই (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভূমি গ্যালারিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হবে।

এনটিভি অনলাইন ডেস্ক