হাসপাতালে চাঁদাবাজি : যুবদলনেতা মঈন উদ্দিনের ৪ সহযোগী রিমান্ডে
রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের মামলায় যুবদলনেতা মঈন উদ্দিনের চার সহযোগীকে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) ছাবির আহমেদ আসামিদের হাজির করে সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—ফারুক হোসেন সুমন (৪২), লিটন মিয়া (৩৮), ফালান মিয়া (৪২) ও মো. রুবেল (৪২)।
এর আগে সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় সাবেক যুবদলনেতা মঈন উদ্দিনকে ১ নম্বর আসামি করে অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়। গত শনিবার হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে এ মামলা করেন।
গত শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে যুবদলনেতা মঈন উদ্দিনের নেতৃত্বে দেশজুড়ে সমাদৃত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজি ও মব সৃষ্টি ঘটনা ঘটে।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে কর্মী ও কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। এমনকি তিনি নিয়ম ভেঙে জোরপূর্বক অপারেশন থিয়েটারেও (ওটি) প্রবেশ করেন। ফুটেজে সিকেডির কর্মী হানিফকে শারীরিকভাবে হেনস্তা করতেও দেখা যায় তাকে।

আদালত প্রতিবেদক