ট্রাকভর্তি ৪০০ বস্তা সরকারি চাল জব্দ
শরীয়তপুর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০০ বস্তা সরকারি চালসহ একটি ট্রাক আটক করেছে স্থানীয়রা। চালগুলো বর্তমানে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে জব্দ রাখা হয়েছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আংগারিয়া বাজারের সদর উপজেলা খাদ্যগুদাম থেকে ৪০০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক জাজিরার দিকে যাচ্ছিল। জেলা শহরের পালং মডেল থানার সামনের সড়কে ট্রাকটি পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং তারা চালসহ ট্রাকটি আটকে দেন। ওই সময় ট্রাকে থাকা ব্যক্তিরা চালের সপক্ষে কোনো বৈধ চালান দেখাতে ব্যর্থ হন।
পরবর্তীতে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা এক ডিলারের নামে বরাদ্দের একটি চালান উপস্থাপন করলেও সেটির সত্যতা নিয়ে সংশয় দেখা দেয়। এরপর সোমবার রাত সাড়ে ৯টার দিকে ট্রাকটি পুনরায় আংগারিয়া খাদ্যগুদামের দিকে রওনা দিলে শহরের চৌরঙ্গী এলাকায় স্থানীয়রা আবারও সেটি আটকে দেন। গভীর রাতে ট্রাকটি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গতকাল মঙ্গলবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা ট্রাকের চাল পরিমাপ করে আনুষ্ঠানিকভাবে জব্দ করেন। ঘটনাটি তদন্তে গোসাইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরিকুল ইসলাম, জাজিরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ উজ্জামান এবং জেলা কারিগরি খাদ্য পরিদর্শক মুহাম্মদ বেলায়েত হোসেনের সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের নামে চালগুলো বরাদ্দের কাগজপত্র আমরা পেয়েছি। তবে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ কি না এবং গুদাম থেকে চাল বের করার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা যাচাই করতেই চালগুলো জব্দ করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কোনো অসংগতি পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর