শিক্ষামন্ত্রীর কাছে সিলেটের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী
সিলেটের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের কাছে একটি স্বতন্ত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বুধবার (১৫ এপ্রিল) সিলেটের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রয়াত অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে দূরদর্শী পরিকল্পনা করেছিলেন, বিগত সরকারের অবহেলার কারণে তা আজও বাস্তবায়িত হয়নি। এ অঞ্চলের তরুণদের কারিগরি শিক্ষায় স্বাবলম্বী করতে এই দাবি পূরণ জরুরি।’
একই সঙ্গে মন্ত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) অপরাজনীতি মুক্ত রেখে এর উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রদানের অনুরোধ জানান। শ্রমমন্ত্রী জেলার বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকটের চিত্র তুলে ধরে বলেন, সিলেটে বর্তমানে ৮৫০টি শিক্ষক পদ শূন্য রয়েছে। বিশেষ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের স্কুলগুলোতে ভবন ও শিক্ষক সংকট চরম পর্যায়ে। ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সবকটি পদ শূন্য থাকায় ভারপ্রাপ্তদের দিয়ে পাঠদান চলছে। তিনি দ্রুত শিক্ষক নিয়োগ ও কোম্পানীগঞ্জের এম. সাইফুর রহমান কলেজকে সরকারি করার তাগিদ দেন।
এছাড়াও শ্রমমন্ত্রী কওমি ও আলিয়া মাদ্রাসার উন্নয়নে বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান এবং কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সিলেটের শিক্ষা বিস্তারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যমান সংকট নিরসনের পরিকল্পনা গ্রহণ করেছে। জাতীয় উন্নয়নের স্বার্থে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করা হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও কয়ছর আহমদ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীসহ শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক