বান্দরবানে মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েমের (২১) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাদাপাহাড় এলাকার মাতামুহুরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল ওয়াদুদ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়া বাড়ি এলাকার মো. সাইফুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বন্ধুর সঙ্গে সায়েম সীতাকুণ্ড থেকে লামার মাতামুহুরী নদীর তীরে ‘মিনঝিরি হোয়াইট পিক স্টেশন’ নামে একটি রিসোর্টে বেড়াতে আসেন। রিসোর্টে চেক-ইন করে দুপুরে তারা নদীতে গোসলে নামেন। এক পর্যায়ে সায়েম পানির স্রোতে তলিয়ে যান। রিসোর্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)