নদী থেকে বালু উত্তোলনে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
নড়াইল জেলার কালিয়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নাজির খান নামে এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর মহাজন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয়েছে। এসময় মূল অভিযুক্ত নাজির খানসহ তার তিন সহযোগীকে আটক করে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাজির খানকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আর জড়িত না হওয়ার শর্তে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, পরিবেশ ও নদী রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া)