তেল বেশি দেওয়া বন্ধ করতে বলায় ট্যাগ অফিসারকে মারধর
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেল বেশি দিতে নিষেধ করায় ট্যাগ অফিসার মারধরের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে মল্লিকপুর মণ্ডল ফিলিং স্টেশনে।
রোববার বেলা ১১টার দিকে মল্লিকপুর মণ্ডল ফিলিং স্টেশনে স্থানীয়রা তেল বেশি দেওয়ায় ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ তাতে বাধা দেন। এ ঘটনায় মণ্ডল ফিলিং স্টেশনের নিয়োজিত কর্মীরা সমবায় কর্মকর্তার ওপর চওড়া হন। ঘটনার একপর্যায়ে পাম্পের কর্মী ওসমানসহ অন্যরা সমবায় কর্মকর্তাকে শার্টের কলার ধরে কিল ঘুষি মারতে থাকে। এ সময় তেল নিতে আসা জনগণ মণ্ডল ফিলিং স্টেশনে থাকা কর্মীদের ধাওয়া করে অবরুদ্ধ করে রাখে। পুলিশের সামনেই এমন ঘটনা ঘটলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
মল্লিকপুর পাম্পে তেল নিতে আসা ফরহাদ নামের এক ব্যক্তি বলেন, ট্যাগ অফিসার তেল বেশি নিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাম্পের লোকজন তাঁকে মারধর করে। এর আগে গত ১ এপ্রিল আওয়ামী লীগনেতার এ পেট্রোল পাম্প থেকে রাতের আঁধারে তেল পাচারের ঘটনায় এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ বলেন, আজকের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অনেকেই তেল ইচ্ছেমতো বেশি নিচ্ছিল বিষয়টি জানতে পেরে আমি তা বন্ধের নির্দেশ দেই। এ সময় পাম্পে নিয়োজিত কর্মীরা আমাকে লাঞ্ছিত করে এবং গায়ে হাত দেয়।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, পাম্পে গণ্ডগোলের ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ট্যাগ অফিসারকে মারধরের ঘটনা শুনিনি।
নাচোল উজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিয়া সুলতানা বলেন, গণ্ডগোলের ঘটনা শুনেছি, তবে ট্যাগ অফিসারকে মারধরের ঘটনা শুনিনি।

জোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ (নাচোল)