স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ সার্জেন্টের কারাদণ্ড
চট্টগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. নাজিম উদ্দিন নামে সাময়িক বরখাস্ত এক পুলিশ সার্জেন্টকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
নগরের কোতোয়ালি থানার ওই মামলায় সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন (৫০) চট্টগ্রামের পটিয়া থানার তেকাটা গ্রামের বাসিন্দা।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ জানান, ১১ জন সাক্ষীর মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে ট্রাইব্যুনাল আপিলের শর্তে তাকে জামিন দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালে ভুক্তভোগী নারীর সাথে নাজিম উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। একটি ফ্ল্যাট কেনার জন্য নাজিম উদ্দিন তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এই টাকার জন্য তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
২০২০ সালের ১৪ জুন সন্ধ্যায় যৌতুকের টাকা না দেওয়ায় নাজিম উদ্দিন তার স্ত্রীকে মারধর করেন এবং গলা চিপে হত্যার চেষ্টা করেন। এ সময় সন্তান ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে ভুক্তভোগী নারী আদালতের দ্বারস্থ হলে কোতোয়ালি থানাকে মামলা রেকর্ডের আদেশ দেওয়া হয়। ২০২০ সালের ১৭ আগস্ট মামলাটি নথিভুক্ত হয় এবং ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)