চুরি, ইভ টিজিং ও মাদকবিরোধী বার্তা নিয়ে পুলিশের উঠান বৈঠক
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় চেতনানাশক প্রয়োগ করে চুরি, ডাকাতি, ইভ টিজিং ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে পুলিশের উদ্যোগে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের বিষ্ণুপুর জি এম উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. পিন্টু প্রধান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিলেন মিয়া, বিষ্ণুপুর সানফ্লাওয়ার মডেল স্কুলের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী শিল্পী আক্তার, কে এম আব্দুল ইউনিয়ন যুবদলনেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী বলেন, ‘গত ১৮ এপ্রিল রাতে বিষ্ণুপুর গ্রামে চেতনানাশক ওষুধ খাবারের সঙ্গে মিশিয়ে এক রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসব অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার বলেন. মাদকাসক্তি থেকে চুরি, ইভ টিজিংসহ নানা অপরাধের জন্ম হচ্ছে। তাই মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় স্থানীয়দের পক্ষ থেকে খলসী ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া বলেন, ‘বিষ্ণুপুর গ্রামে সংঘটিত চুরির ঘটনায় জড়িত চক্রকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।’
সভায় এলাকাবাসী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়।

রেজাউল রেজা, মানিকগঞ্জ (দৌলতপুর-শিবালয়)