ধ্রুব রাঠির বিষয়ে গুগলের কাছে তথ্য চায় দিল্লি পুলিশ
ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে বিতর্কিত ভিডিও তৈরির অভিযোগে অনুসন্ধান প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে আদালতকে জানিয়েছে দিল্লি পুলিশ। এ বিষয়ে তথ্য পাওয়ার জন্য গুগলের কাছে তথ্য চাওয়া হয়েছে বলে পুলিশ আদালতকে অবহিত করে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্যা ইন্ডিয়ানএক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিহারিকা কুমার শর্মার আদালতে অ্যাকশন স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় পুলিশ। এতে বলা হয়, ধ্রুব রাঠির ওই ভিডিওটিতে হিন্দু ধর্মের পূজনীয় ব্যক্তিদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
এর আগে গত ৯ জুন অমিতা সচদেব নামের এক নারীর আবেদনের প্রেক্ষিতে দিল্লি পুলিশকে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। অভিযোগকারী দাবি করেন, গত মার্চে আপলোড করা ওই ভিডিওতে হিন্দু শাস্ত্র বিকৃত করা হয়েছে। ধ্রুব রাঠি ভুল তথ্য ছড়িয়ে দাবি করেছেন, শ্রী রাম ও সীতা নিরামিষাশী ছিলেন না এবং মদ্যপান করতেন।
তদন্তের অংশ হিসেবে পুলিশ গুগল ও ইউটিউবকে নোটিশ পাঠিয়ে তথ্য দাবি করেছিল। কিন্তু গুগল কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের প্রাসঙ্গিকতা জানতে চেয়ে কিছু স্পষ্টীকরণ চাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তারা প্রয়োজনীয় সব প্রশ্নের উত্তর দিয়ে পুনরায় গুগলের কাছে তথ্য চেয়ে নতুন আবেদন পাঠাচ্ছে। ইউটিউবের উত্তর পাওয়ার পরেই চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে।
রিপোর্টে পুলিশ আরও জানায়, ওই একই ভিডিওর বিরুদ্ধে অভিযোগকারী দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন। গত ১৫ জুলাই গ্রিভেন্স অ্যাপেলেট কমিটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার আশঙ্কায় ভিডিওটি মুছে ফেলার নির্দেশ দেয়। পরবর্তীতে ১১ আগস্ট দিল্লি হাইকোর্ট নোটিশ জারি করার পর গুগল ও ইউটিউব ভারতে ভিডিওটির প্রদর্শন সীমিত করে দিয়েছে। বর্তমানে মামলাটি আদালতে তদন্তাধীন রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক