পিলারের মাটি সরে নদীর ওপর ঝুলছে স্টিল সেতু
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচর হাট সংলগ্ন ডলু নদীর ওপর নির্মিত ৩০ বছরের পুরোনো স্টিল সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পিলারের নিচের মাটি সরে গিয়ে সেতুর একাধিক অংশ বর্তমানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিন লোহাগাড়া, লামা ও আলীকদমগামী হাজারো মানুষ ও যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২১ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি লোহাগাড়া সদর থেকে পার্বত্য বান্দরবানের লামা ও আলীকদমে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, সেতুর বিভিন্ন অংশে মরিচা ধরেছে এবং পিলারের বেইজের প্রায় ২০ থেকে ২৫ ফুট অংশ মাটিশূন্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ডলু নদী থেকে দীর্ঘদিনের বৈধ-অবৈধ বালু উত্তোলনের ফলেই এই সংকটের সৃষ্টি হয়েছে।
চুনতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সেতুটি ধসে পড়লে তিন উপজেলার যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে।
অন্যদিকে, চাম্বী লেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহাবুবুর রহমান এ পরিস্থিতির জন্য ‘বালু খেকো’দের দায়ী করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান।
উপজেলা প্রকৌশলী ফাহাদ-বিন-মাহমুদ জানান, সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, আমি নিজে সেতুটি পরিদর্শন করেছি। বালু খেকোদের বেপরোয়া কর্মকাণ্ডে সেতুটি আজ এই অবস্থায়। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম