নড়াইলে টিসিবির পণ্যবাহী গাড়ি গর্তে
নড়াইলের গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে টিসিবির পণ্যবাহী একটি ‘লাটাহাম্বার’ (স্থানীয় পণ্যবাহী যান) গর্তে পড়ে গেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই যানে থাকা চিনি, ডাল, ডিটারজেন্ট পাউডারসহ বিপুল নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিসিবির কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য ডাল, চিনি, তেল ও ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন মালামাল নিয়ে গাড়িটি গন্তব্যে যাচ্ছিল। পথে গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
গর্তে পানি থাকায় গাড়িতে থাকা চিনি এবং ডিটারজেন্ট পাউডার পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এ ছাড়া ডালের বস্তাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে। তবে পানির কারণে সব শুকনো পণ্যই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাড়িটিতে থাকা মালামালগুলো টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে সরকারি ভর্তুকি মূল্যে বিতরণের জন্য নির্ধারিত ছিল। এই আকস্মিক দুর্ঘটনায় সাধারণ মানুষের মধ্যে পণ্য পৌঁছানো নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল