তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস
খরতাপের মধ্যে দেশের তিন অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঝড়ো হাওয়ার আশঙ্কায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৈশাখী এই ঝড়ের সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক