পুরোনো প্রশ্নে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২০২৫ সালের সিলেবাসের (ভুল) প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগে কেন্দ্র সচিবসহ ১১ জন শিক্ষককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে মূল অভিযুক্ত কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭৭ জন পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। বিষয়টি নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের হস্তক্ষেপে ১ ঘণ্টা ৩০ মিনিট পর পরীক্ষার্থীদের নতুন সিলেবাসের প্রশ্ন সরবরাহ করা হয়। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ১ ঘণ্টা ২৫ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল।
ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় গাফিলতির অপরাধে ওই দিনই কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে গতকাল বুধবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন বাহার স্বাক্ষরিত এক আদেশে ওই কেন্দ্রের আরও ১১ জন কক্ষ শিক্ষককে চলমান এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন- শিউলী আক্তার, ফারজানা হোসেন স্বপ্না, মনোয়ারা বেগম, রওনক আরা বেগম, আনিসুর রহমান, ছানোয়ার বেগম, আব্দুল হামিদ, সুমাইয়া আক্তার, মোশারফ হোসেন, বদরুন নাহার ইভা ও মনিরুজ্জামান। তারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে কর্মরত।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির ও সোনারগাঁ ইউএনও আসিফ আল জিনাত ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি পরিদর্শন করেন।
জেলা প্রশাসক রায়হান কবির জানান, ইতোমধ্যেই কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়ে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সুপারিশ অনুযায়ী অভিযুক্ত আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)