ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মোহনগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পাশে কাজিয়াটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্টেশন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে রেললাইন পার হওয়ার সময় ওই নারী অসতর্কতাবশত ট্রেনের সামনে পড়ে যান। ট্রেনের ধাক্কায় তিনি লাইনের পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, নিহতের হাতে শাখা থাকায় তিনি সনাতন ধর্মাবলম্বী হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তার পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

ভজন দাস, নেত্রকোনা