নেত্রকোনা সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ
পহেলা বৈশাখে কাবাডি খেলায় মেতেছে নেত্রকোনা সরকারি শিশু পরিবারের সদস্যরা। ছবি : এনটিভি
পহেলা বৈশাখে নানা আয়োজনে মেতেছিল নেত্রকোনা সরকারি শিশু পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সরকারি শিশু পরিবারে দিনব্যাপী চলে আনন্দ শোভাযাত্রা, কাবাডি খেলা, নাচ-গানের বর্ণাঢ্য আয়োজন।
আবহমান বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে নানা আয়োজনে নববর্ষ উদযাপনে আনন্দে মেতেছিল সরকারি শিশু পরিবারের শতাধিক শিশু।
নতুন বছর উদযাপন উপলক্ষে আজ দুপুরে শিশু পরিববার কেন্দ্রের সাংস্কৃতিক মঞ্চের সামনে থেকে বর্ণাঢ্য একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শিশু কেন্দ্রের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয় কাবাডি খেলা।
অনুষ্ঠান শেষে শিশুদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক তারেক হোসেন বলেন, দেশের ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে প্রতিবছর শিশুদের নিয়ে আমরা এ ধরনের আয়োজন করে থাকি।

ভজন দাস, নেত্রকোনা