ট্রেনে কাটা পড়ে মৃত্যু, মরদেহের পাশে পাসপোর্ট
নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ফারুক আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রেল স্টেশনের পূর্ব পাশে রেললাইনের ওপর থেকে তার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রেললাইনের ওপর হাত-পা বিচ্ছিন্ন একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে প্রথমে বাগাতিপাড়া থানা পুলিশ এবং পরে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের মরদেহের পাশ থেকে পাকিস্তানি ভিসা লাগানো একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। রাজবাড়ীর এক ব্যক্তি কীভাবে বাগাতিপাড়ার এই দুর্গম এলাকায় এলেন এবং তার পাসপোর্টে পাকিস্তানি ভিসার উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশুতোষ কুমার জানান, ধারণা করা হচ্ছে, আজ সকাল ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর 'সাগরদাঁড়ি এক্সপ্রেস' ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার এই এলাকায় আসার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হালিম খান, নাটোর