মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে প্রবাসীর মৃত্যু
মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।
আজ দুপুরে নিহত মিল্লাতের বড় ভাই ও রামগঞ্জ পদ্মাবাজারের ব্যবসায়ী শরীফ হোসেন তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মিল্লাত। সেখানে তিনি কুয়ালালামপুরে একজন নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তার দুই মেয়ে ও স্ত্রী রয়েছে।
নিহতের ভাই শরীফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মিল্লাত বিদেশের মাটিতে কষ্ট করছিল। কাজ করার সময় বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। কখনো ভাবিনি এভাবে হঠাৎ তার মৃত্যুর খবর শুনতে হবে। আমার ভাইটা খুব ভালো মানুষ ছিল। খবরটি পাওয়ার পর থেকে পুরো পরিবারে শোকের মাতম চলছে, কাউকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না, তবে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এ বিষয়ে দ্রুত খোঁজখবর নেওয়া হবে এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারটিকে সব ধরনের সরকারি সহযোগিতা দেওয়া হবে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর