পূর্বধলায় ডিজেল জব্দ, পাম্প ম্যানেজারকে জরিমানা
নেত্রকোনার পূর্বধলা উপজেলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন থেকে ১০৫০ লিটার ডিজেল অবৈধভাবে পাচারের সময় জব্দ করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ এ ঘটনায় জড়িত তিনজনকে আটক ও ডিজেল জব্দ করে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৬টার দিকে একটি কাভার্ডভ্যানে পাঁচটি ড্রামে করে প্রায় ১০০০ লিটার ডিজেল এবং একটি পিকআপভ্যানে ৫০ লিটার ডিজেল ময়মনসিংহের উদ্দেশে পাঠানো হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তা আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, প্রায় প্রতিদিন রাতেই গোপনে তেল পাচার করা হয়। আজ ভোরবেলায় গোপনে ডিজেল পরিবহণের সময় জনতার সন্দেহ হয়। পরে বিষয়টি নিশ্চিত হয়ে সেসব জব্দ করা হয়।
পরে খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম। এ সময় শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের আতকাপাড়া এলাকায় অবস্থিত গিরিপথ ফিলিং স্টেশন থেকে একটি কভার্ডভ্যানে করে ডিজেল ময়মনসিংহে পাচারের চেষ্টা চলছিল।
অভিযানকালে কভার্ডভ্যান থেকে ১০৫০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫) নামে তিনজনকে আটক করা হয়।
পরে সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পেট্রোলিয়াম আইনে অবৈধভাবে তেল পাচারের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানকে (৩৭) ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান জানান, পেট্রলিয়াম আইনে অবৈধভাবে তেল পাচারের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানকে (৩৭) ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আটক করা তিনজনকে ছেড়ে দেওয়া হয় এবং জব্দ করা ডিজেল পরে স্থানীয় খাল খনন প্রকল্পে হস্তান্তর করা হয়েছে।

ভজন দাস, নেত্রকোনা