জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশ শুরু
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ শুরু হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্বারী এনায়েত উল্লাহ সাইফির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এরপরই ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান। পরে সমাবেশের উদ্বোধনীতে বক্তব্য দেন জুলাইযোদ্ধা কামরুল হাসান।
কামরুল হাসান বলেন, কোনো প্রকার দাঁড়ি, কমা, সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আবার সংসদ ঘেরাও করা হবে।
সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, জামায়াতের নায়েবে আমিরবৃন্দ, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় ও মহানগরীর দায়িত্বশীলাবৃন্দ, জামায়াতে ইসলামী ও ১১ দলের এমপিবৃন্দ, সারা দেশ থেকে আগত জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধাবৃন্দ এবং ডাকসু, জাকসু, চাকসু, জকসু, রাকসু নেতৃবৃন্দ যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক