ছেলের মৃত্যুশোকে চার ঘণ্টা পর মায়ের মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের মৃত্যুর শোকে চার ঘণ্টা পর মায়েরও মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) গতকাল দিনগত রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
আলতাফ উদ্দিন শাহীনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে তার মা জুবাইদা মনি (৮০) মারা যান। মা-ছেলের এমন হৃদয়বিদারক মৃত্যর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলতাফ উদ্দিন শাহীনের ছোটভাই মোস্তফা কামাল বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলেই মাকে দেখতে বাড়িতে আসতেন। গতকাল রাত ১টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
মোস্তফা কামাল আরও বলেন, ‘আমার মা খুবই অসুস্থ ছিলেন। শাহীনের প্রতি মায়ের গভীর টান ছিল। সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।’
সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বলেন, ‘আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৪ সালে স্বর্ণপদক পান। তিনি রায়খলা গ্রামের বাসিন্দা হাজি মো. মনির উদ্দিনের ছেলে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে গাজীপুরে বসবাস করছিলেন। ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ