স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের কাছে স্পিডবোট ডুবে ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। খবর আলজাজিরার।
শনিবার (১১ জুলাই) ঘটনাটি নিশ্চিত করেছেন ভিয়েতনামের কর্মকর্তারা। তারা জানান, ডুবে যাওয়ার সময় নৌযানটিতে ৩২ জন ভারতীয় পর্যটক ও চারজন কর্মী ছিলেন। এ পর্যন্ত মোট ২১ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার দুপুরে নগোয়াই দ্বীপ থেকে স্পিডবোটটি রওনা হয়ে আন থোই আন্তর্জাতিক বন্দরে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা ভুক্তভোগীদের পানি থেকে টেনে তুলে বাঁচানোর চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা ভিএন এক্সপ্রেসকে জানান, ভিয়েতনামের সীমান্তরক্ষী, নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কাছাকাছি থাকা নৌযানগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছে এবং যাত্রীদের উদ্ধার কার্যক্রম শুরু হয়।
ভিএন এক্সপ্রেস জানায়, বহু ভুক্তভোগী স্পিড বোটটির ভেতরে আটকা পড়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।
হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, স্থানীয় ভিয়েতনামি কর্তৃপক্ষের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য রাজধানী ও হো চি মিন সিটিতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
গত জুলাইয়ে হা লং উপসাগরে বজ্রঝড়ের সময় পর্যটকবাহী নৌকা ‘ওয়ান্ডার সি’ ডুবে যায়। এ দুর্ঘটনায় মোট ৩৯ জন নিহত হয়েছিলেন।
ভিয়েতনামের অন্যতম সুপরিচিত সমুদ্র সৈকত ফু কুওক। হন মে রুট দ্বীপটি ফু কুওকের প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। উভয় স্থানেই সাদা বালির সৈকত রয়েছে। এর সঙ্গে স্বচ্ছ সবুজ পানির দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় করে।

এনটিভি অনলাইন ডেস্ক