ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫, নিখোঁজ ১৩
ভিয়েতনামের দক্ষিণ-মধ্যাঞ্চলে এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৫ জনে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। আজ শনিবার (২২ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপির।
গত অক্টোবরের শেষ দিক থেকেই এই অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে একাধিকবার আঘাত হেনেছে বন্যা। গত রবিবার থেকে ছয়টি প্রদেশে মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পার্বত্য দাক লাক প্রদেশে।
বন্যার কারণে উপকূলীয় শহর নহা ট্রাংয়ের পানিতে সম্পূর্ণ তলিয়ে যায় এবং পর্যটন কেন্দ্র দা লাতের আশেপাশে পাহাড়ে মারাত্মক ভূমিধস আঘাত হানে। পরিবেশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখনও একাধিক মহাসড়ক চলাচলের অযোগ্য। বর্তমানে তিন লক্ষাধিক মানুষ বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক