সম্পত্তি নিয়ে বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
কিশোরগঞ্জ সদরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা শহরের হারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সকাল ৯টায় দিয়ে হারুয়া এলাকায় চাচা মো. শামীম (৩০) ছুরিকাঘাতে মারা যান। ঘটনার পর পরই তার ভাতিজা লিংকন পালিয়ে যান। নিহত শামীম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
নিহত শামীমের স্ত্রী নাসরিন বলেন, আমাদের সবার সামনে লিংকন এসে আমার স্বামীকে পেটে ছুরি মেরেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহত শামীমের সঙ্গে দীর্ঘদিন ধরেই তার মৃত ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের দোকানসহ সহায়-সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, এ বিরোধকে কেন্দ্র করে আজ সকালে ঘরের ভেতরে গিয়ে পরিবারের লোকজনের সামনে শামীমকে ছুরিকাঘাত করে লিংকন পালিয়ে যায়।
ওসি জানান, স্থানীয়রা শামীমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ