নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলেইনে দুর্বৃত্তের গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলেইনের রাউনসভিলে ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি ফ্রাইড চিকেনের দোকানে এই ঘটনা ঘটে। এতে অপর এক বাংলাদেশি আহত হয়েছেন।
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে এক সশস্ত্র বন্দুকধারী ওই দোকানে প্রবেশ করে হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে দোকানে কর্মরত রাজু বুকে এবং অন্য এক বাংলাদেশি সহকর্মী পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নিয়ে বর্তমানে শঙ্কা মুক্ত আছেন।
আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজুর মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন তার স্বজনেরা।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী