ঢাকার নিম্ন আদালতে জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত হবে মঙ্গলবার
দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনগত সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। ‘সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হতে যাচ্ছে।
এদিন দেশের আপামর জনসাধারণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে দেশের সব জেলার মতো ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদযাপন করতে যাচ্ছে।
দিবসটি উপলক্ষে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি, মহানগর লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস নানা কর্মসূচির আয়োজন করেছেন। আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য র্যালী, লিগ্যাল এইড মেলা, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান।
এ বিষয়ে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান আজ সোমবার (২৭ এপ্রিল) জানান, আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে ৮টার দেক ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এবং মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের নেতৃত্বে সড়কে র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। র্যালি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচির উদ্ভোধন করবেন। সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় মহানগর দায়রা জজ আদালতের ৪র্থ তলায় জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলা লিগ্যাল এইড সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটি, ঢাকার বিভিন্ন আদালতের বিচারক ও আদালতের কর্মচারীগন, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিও অংশগ্রহণ করবে।
দেশের সর্বস্তরের জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সালের ২৯ জানুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে প্রথম বারের মতো সরকার ‘আইন সহায়তা প্রদান আইন, ২০০০’ কার্যকরের দিন ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস ঘোষণা করে।
এরপর থেকে প্রতি বছর লিগ্যাল এইড দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং দেশের প্রতিটি জেলার জেলা জজ আদালত।

আদালত প্রতিবেদক