ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা, ঘাতক পলাতক
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের কোপে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আকাশ (২৮) নামে এক যুবক হঠাৎ উত্তেজিত হয়ে বাড়ির উঠানে থাকা লোকজনের ওপর কোদাল দিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন।
হামলায় রিয়াজ মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আকাশকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

সঞ্জিব দাস, ফরিদপুর