মধ্যরাতে নদীতে নামবেন চাঁদপুরের জেলেরা
জাটকা ইলিশ সংরক্ষণে টানা দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে। এর ফলে পদ্মা-মেঘনা নদীসহ দেশের ছয়টি অভয়াশ্রমে মাছ ধরার ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে। দীর্ঘ বিরতির পর আবারও রুপালি ইলিশের সন্ধানে নদীতে নামতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা।
নিষেধাজ্ঞার শেষ সময়ে জেলেরা তাদের নৌকা মেরামত, রঙ করা এবং জাল সেলাইয়ের কাজ সেরে নিয়েছেন। নতুন আশায় বুক বেঁধে তারা অপেক্ষা করছেন জাল নিয়ে নদীতে নামার।
ব্র্যান্ড প্রমোটার তরুণীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট
এক চোখ নিয়ে বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য
ইলিশ রক্ষায় মার্চ ও এপ্রিল- এই দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাসহ নির্ধারিত অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরা, পরিবহণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ ছিল। তবে জেলেদের অভিযোগ, এবার জ্বালানি সংকটের অজুহাতে নদীতে অভিযান প্রত্যাশিত মাত্রায় জোরালো ছিল না। ফলে অনেক সুযোগ সন্ধানী জেলে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই অবাধে জাটকা নিধন করেছে।
সদর উপজেলার হরিনাঘাট এলাকার জেলে আল আমিন ছৈয়াল বলেন, আমরা সরকারি আইন মেনে চললেও সংসার চালাতে সুদে টাকা ধার করতে হয়েছে। এখন ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে নামছি। মাছ বেশি না পেলে এই ঋণ শোধ করা অসম্ভব হয়ে পড়বে।
৬৫ বছরের স্বপ্ন পূরণে রূপপুর, কর্মসংস্থানে নতুন দিগন্ত
একই রকম হতাশা প্রকাশ করেছেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলে মো. আনোয়ার। তার মতে, নদীতে স্রোত কমে যাওয়া এবং ডুবচর জেগে ওঠার কারণে মাছের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে।
ইলিশ গবেষক ড. আনিসুর রহমান জানান, আজকের জাটকা আগামী দিনের বড় ইলিশ। যদি এই মৌসুমে ৭০ থেকে ৮০ ভাগ জাটকা সংরক্ষণ করা সম্ভব হয়, তবে দেশে ৫ লাখ ৭৫ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, জাটকা রক্ষা অভিযানে আমরা পাঁচ শতাধিক জেলেকে আটক এবং বিপুল পরিমাণ জাল-নৌকা জব্দ করেছি। জ্বালানি সংকটের কারণে কিছুটা সমস্যা হলেও অভিযান সফল হয়েছে। আশা করছি জেলেরা এখন নিয়ম মেনেই ইলিশ আহরণ করবেন।

শরীফুল ইসলাম, চাঁদপুর