বিদ্যুৎস্পর্শে আহত ৩ শ্রমিকের দুজনের মৃত্যু, শঙ্কায় অপরজন
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি গার্মেন্টসে বৈদ্যুতিক শটসার্কিটের ঘটনায় আহত তিন শ্রমিকের মধ্যে দুজন মারা গেছেন। আজ শুক্রবার (১ মে) দুপুর আনুমানিক ১১টায় ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একরাম হোসেন (৩৫) মারা যান।
একরাম চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের মৃত মহসীন ভুঁইয়ার ছেলে। তিনি আমির শার্টস লিমিটেডে বয়লার অপারেটর (ইলেকট্রিশিয়ান) হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজ্জাদ হোসেন নামে এক নিরাপত্তাকর্মী। তিনি সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী কাজীবাড়ি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আহত অপর শ্রমিক, ওয়েল্ডার রবিউল হোসেন এখনও ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
কারখানা সূত্রে জানা যায়, গত বুধবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে গার্মেন্টস চালুর সময় মূল সুইচ অন করতে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক লাইনে শটসার্কিট হয়। এতে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তিন শ্রমিক গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
আমির শার্টস লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একরামুল হক জানান, কোম্পানির নিয়ম ও বিজিএমইএ নীতিমালা অনুযায়ী নিহতদের পরিবার এবং আহত শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের শিক্ষা ও অন্যান্য সহায়তাও দেওয়া হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা