পানির নিচে ১৭৩৩ হেক্টর জমির ধান, বিদ্যুৎ বিপর্যয়
কুমিল্লায় গত মঙ্গলবার থেকে আজ বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত বয়ে যাওয়া কয়েক দফা কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে জেলার কৃষি ও বিদ্যুৎ ব্যবস্থা। ১৭টি উপজেলাজুড়েই ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামো ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে জেলার ১৭৩৩ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ৫৫০ হেক্টর ভুট্টা, ২৩৫ হেক্টর আউশ ধানের বীজতলা এবং ৩৬৪ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে। বিশেষ করে লাকসাম, দাউদকান্দি, নাঙ্গলকোট, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় ফসলের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, বর্তমানে তিনিসহ জেলা ও উপজেলার সকল কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ব্যস্ত রয়েছেন। তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন যাতে পানি নিষ্কাশন করে ক্ষতি কিছুটা কমিয়ে আনা যায়।
ঝড়ের তাণ্ডবে জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। অসংখ্য গাছ উপড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ায় তার ছিঁড়ে গেছে এবং বিদ্যুৎহীন হয়ে পড়েছেন অন্তত ২৭ হাজার গ্রাহক। এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ৩৫টি ট্রান্সফরমার বিকল হয়েছে, ৭১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং প্রায় ৫৫০টি গ্রাহক মিটার নষ্ট হয়েছে। এতে অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা ভেঙে পড়া খুঁটি মেরামত ও ছিঁড়ে যাওয়া তার সংযোগের কাজ শুরু করলেও ঝড়ো আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে স্বাভাবিক সরবরাহ ফিরিয়ে আনতে সময় লাগছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা