ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও সার্বজনীন হবে: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি দেখা হয়নি। যারা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত সবাই পেয়েছে। সারাদেশে জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হবে কৃষক কার্ড বিতরণ। ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও সার্বজনীন হবে।
আজ শনিবার (২ মে) দুপুরে নিজ নির্বাচনি এলাকা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বিএডিসির আয়োজনে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় সমাজকল্যাণমন্ত্রী বলেন, যশোর আর ঝিনাইদহ যদি ফুল উৎপাদন করতে পারে আপনারা কেন পারবেন না। ফুল তো আরো বেশি লাভজনক ফসল। তাই কৃষকদের ফুল চাষে এগিয়ে আসতে হবে। এ ছাড়া আশুরার বিল, সিতাকোর্টের যদি আমরা ভালো কিছু করতে পারি, তাহলে বাইরের মানুষ দেখতে আসবে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার চায় প্রান্তিক পর্যায়ে সকল শ্রেণি পেশার মানুষ স্বাবলম্বী হোক। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
এ সময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক