বেনাপোল-খুলনা ও মোংলা রুটের দুই ট্রেনের ইজারা বাতিল
বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী ‘বেতনা কমিউটার’ ও বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী ‘মোংলা কমিউটার’ ট্রেনের বাণিজ্যিক কার্যক্রমের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। চুক্তির শর্ত ভেঙে নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া, ভ্যাট ও উৎস কর পরিশোধ করতে না পারায় বেসরকারি প্রতিষ্ঠান ‘এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশন’র ইজারা বাতিল করা হয়।
বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত গত ২৭ এপ্রিলের এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠিটি গতকাল শনিবার (২ মে) বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার আইনাল হাসানের হাতে এসে পৌঁছায়। এর ফলে গত ২৮ এপ্রিল থেকে ট্রেন দুটি পুনরায় সরকারি ব্যবস্থাপনায় চলাচল শুরু করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লাভজনক এই রুটটি বেসরকারি খাতে লিজ দেওয়ার জন্য গত বছর দরপত্র আহ্বান করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ঢাকার মিরপুর দারুস সালাম রোডের এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশনকে তিন বছরের জন্য কার্যাদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চলতি বছরের ১১ জানুয়ারি থেকে নিজেদের ব্যবস্থাপনায় বেতনা কমিউটার (৫৩/৫৪) ও মোংলা কমিউটার (৯৫/৯৬) পরিচালনা শুরু করে। তবে মাত্র তিন মাস ১৭ দিন চালানোর পরই শর্তভঙ্গের কারণে তাদের চুক্তি বাতিল হলো।
বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার আইনাল হাসান জানান, বেসরকারি কর্তৃপক্ষ সরকারের সাথে চুক্তির শর্তসমূহ যথাযথভাবে পালন না করায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সরকারি ব্যবস্থাপনায় ট্রেন দুটি পরিচালিত হবে। ট্রেনের সময়সূচি ও সাপ্তাহিক ছুটির দিন (মঙ্গলবার) আগের মতোই বহাল থাকবে। সরকারি তদারকিতে আসার ফলে যাত্রীসেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে চালু হওয়া এই রুটটি বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে। অধিকাংশ যাত্রী পাসপোর্টধারী হওয়ায় এবং ভারতে যাতায়াতের সুবিধার কারণে এটি রেলওয়ের একটি অত্যন্ত লাভজনক রুট। ২০১৭ সাল থেকে যাত্রীদের চাহিদা বিবেচনায় এই রুটে দিনে দুবার করে কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। বর্তমানে যাত্রীসেবা নিশ্চিত করতে এবং রাজস্ব ক্ষতি এড়াতে সরকারি তদারকিতেই ট্রেন পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মহসিন মিলন, বেনাপোল