তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে যেসব অঞ্চলে
দেশের আট বিভাগেই আগামীকাল দুপুর ১টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল শনিবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, শনিবার দুপুর ১টা থেকে সোমবার (৪ মে) দুপুর ১টার মধ্যে মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ঝড়ের সময় প্রবল বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (৩ মে) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এনটিভি অনলাইন ডেস্ক