গাইবান্ধায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা (পুকুরপাড়া) গ্রামে স্বপ্না খাতুন (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই মো. মোখলেছ মিয়া বাদী হয়ে স্বামীসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১/২ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। নিহত স্বপ্না খাতুন ওই গ্রামের আজিজার রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার (৪ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময় স্বপ্নার মৃত্যু হয়। স্বজনরা খবর পেয়ে সেখানে গিয়ে বাড়ির একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে স্বপ্নার মরদেহ উদ্ধার করে। উদ্ধারকালে তার গলায় দাগ এবং সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৭-৮ মাস আগে পরিবারের অমতে একই এলাকার সুজন মিয়া মোনাফের সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বপ্নার ওপর বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। আসামিরা তাকে দীর্ঘদিন ধরে আত্মহত্যার প্ররোচনা দিয়ে আসছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও ক্রমাগত নির্যাতনের সহ্য করতে না পেরেই স্বপ্না আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের সেকেন্ড অফিসার মীর কায়েশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)