র্যাবের ওপর হামলা : যৌথ অভিযানে বিপুল মাদক-অস্ত্রসহ আটক ১৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও সন্ত্রাসবিরোধী এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং নগদ টাকাসহ ১৩ জনকে আটক করেছে র্যাব ও পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে দেওভোগ নূর মসজিদ এলাকার দুটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার (৬ মে) সকালে র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল এএইচ এম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র্যাবের ওপর হামলা ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় রাতে দেওভোগ নূর মসজিদ এলাকার একটি ছয়তলা ও একটি দুই তলা বাড়িতে অভিযান চালায় র্যাব। ওই বাড়ি দুটি থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, ৭টি চাইনিজ কুড়াল, দুটি রামদা, তিনটি চাপাতি ও চারটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। এছাড়া অপরাধীদের ব্যবহৃত একটি ড্রোন এবং নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। মাদকদ্রব্যের মধ্যে উদ্ধার হয়েছে ২৩৫ কেজি গাঁজা এবং ১১ হাজার পিস ইয়াবা।”
র্যাব জানায়, আটক ১৩ জন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। র্যাবের ওপর হামলার ঘটনায় নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ