সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক
যশোরের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৪৮ গ্রাম। এসময় পাচারে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন- যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার আব্দুল গনি (৫৪) ও কোতোয়ালি থানার ইসরাইল (৪৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই স্বর্ণ ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তারা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ ব্রিজের ওপর একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়ির সিটের হেড রেস্টের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ রাষ্ট্রীয় ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সাইফুল ইসলাম সজল, যশোর