ট্রাক-সিএনজি থেকে বিপুল পরিমাণ ইএসকাফ সিরাপ উদ্ধার, আটক ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহণে জড়িত ফারুক হোসেন নামের একজনকে আটক করা হয়।
বুধবার (৮ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার ও তাকে আটক করা হয়। আটক ফারুক হোসেন উপজেলার মাছিমপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ ইএসকাফ সিরাপ সংগ্রহ করে রূপগঞ্জে নিয়ে আসছিল। পরবর্তীতে তারা সিএনজিচালিত অটোরিকশার মাধ্যমে বিভিন্ন এলাকায় তা খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।
পুলিশ আরও জানায়, বুধবার দিনগত রাতে শিবগঞ্জ এলাকায় একদল মাদক ব্যবসায়ী নিষিদ্ধ এই সিরাপ মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সিএনজির ভেতর থেকে ৩৭১ বোতল এবং একটি ট্রাকের পাথরের খোয়ার নিচে লুকিয়ে রাখা আরও ৭৩৬ বোতলসহ মোট ১ হাজার ১০৭ বোতল ইএসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাক ও সিএনজিটি জব্দ করা হয়। এ সময় ফারুক হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫ থেকে ৬ জন অভিযুক্ত পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)