বরকতউল্লা বুলুর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতউল্লা বুলুর দেওয়া সাম্প্রতিক কিছু বক্তব্যকে ‘উদ্ভট, বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৬ মে) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ কার্যক্রম চালিয়ে আসছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখ থেকে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য জাতির রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত অকল্যাণকর।
বিবৃতিতে আরও উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় রাখা প্রতিটি নেতার নৈতিক দায়িত্ব। প্রতিপক্ষকে হেয় করতে অবমাননাকর ভাষা ব্যবহার করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
বিবৃতিতে বরকতউল্লা বুলুকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার এবং বিভেদ সৃষ্টি করে এমন উসকানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানানো হয়। জামায়াত ভবিষ্যতে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক